
বাঁশওয়ারা, ২ মে (হি.স.) : রাজস্থানের বাঁশওয়ারা জেলায় অনলাইন প্রতারণা ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের বিরুদ্ধে বড় সাফল্য পেল সাইবার থানার পুলিশ। ‘অপারেশন মিউল হান্টার’-এর আওতায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিজি (সাইবার ক্রাইম)-এর নির্দেশে ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। তদন্তের কেন্দ্রে ছিল ‘হর্ষ ট্রেডিং’ নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট, যার সূত্র ধরে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের হদিস মেলে।
সাইবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক হরিওম মীনার নেতৃত্বে তদন্তে জানা যায়, হর্ষ জোশীর নামে খোলা ওই অ্যাকাউন্টটি প্রতারণার অর্থ লেনদেনের জন্য ব্যবহার করা হত। গুজরাট, মহারাষ্ট্র ও তেলেঙ্গানাসহ বিভিন্ন রাজ্য থেকে এই অ্যাকাউন্টের বিরুদ্ধে মোট ২১টি অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১৬ লক্ষ ৪০ হাজার টাকা প্রতারণার প্রমাণ মিলেছে।
তদন্তে আরও জানা যায়, সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখে মোট লেনদেনের পরিমাণ ৮২ লক্ষ টাকারও বেশি। এর মধ্যে প্রায় ৬৫ লক্ষ ৭০ হাজার টাকার লেনদেন সংক্রান্ত এখনও এফআইআর দায়ের হয়নি।
গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল হর্ষ জোশী, হিমাংশু শর্মা, বিকাশ বিজয়বর্গীয় ও অনিল বাথাম। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অ্যাকাউন্টটি হর্ষের নামে হলেও এর নিয়ন্ত্রণ ছিল চক্রের অন্যান্য সদস্যদের হাতে। প্রতারণার অর্থ প্রথমে ওই অ্যাকাউন্টে জমা করা হত, পরে বিভিন্ন উপায়ে তা অন্যত্র সরিয়ে নেওয়া হত।
পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে এবং শীঘ্রই আরও গ্রেফতারি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস