
হাবড়া, ২৫ মে (হি. স.):-হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। সোমবার হাসপাতাল পরিদর্শনে এসে তিনি জানান, হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সমস্ত তথ্য আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে হাসপাতাল সুপারকেও বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।বিধায়ক বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বর্তমান সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকেও স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে হাবড়া হাসপাতালের দ্বিতীয় গেট বন্ধ থাকায় রোগী ও তাঁদের আত্মীয়দের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছিল। এদিন বিধায়কের উপস্থিতিতে সেই গেট খুলে দেওয়া হয়।এছাড়াও হাসপাতালের দুই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তাঁদের আপাতত ছুটিতে পাঠানোর নির্দেশ দেন বিধায়ক। তিনি স্পষ্ট জানান, রোগী পরিষেবার সঙ্গে কোনওরকম আপস বরদাস্ত করা হবে না। দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে দালালচক্র ও আয়া রাজের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।দেবদাস মণ্ডল আরও বলেন, সরকার পরিবর্তনের পর এখন মানুষের পরিষেবাই প্রধান লক্ষ্য। হাসপাতালের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগের তদন্ত করা হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়