
কলকাতা, ২৫ মে (হি.স.): কলকাতার বিকাশ ভবনে সোমবার মহিলা ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের আধিকারিকদের নিয়ে রূপান্তরকামী (ট্রান্সজেন্ডার) সমাজের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে রূপান্তরকামী সম্প্রদায়ের সামাজিক, অর্থনৈতিক এবং পেশাগত ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিনের বৈঠকে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য সুনির্দিষ্ট ও কার্যকরী পরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, সমাজে রূপান্তরকামী মানুষদের কেবল সহানুভূতির প্রয়োজন নেই, বরং তাঁদের প্রকৃত সুযোগ এবং সম্মান দেওয়া প্রয়োজন।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আমরা আজ রূপান্তরকামী সমাজের কল্যাণ ও উন্নয়নের বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি। প্রায়শই দেখা যায় যে, ট্রাফিক সিগন্যাল বা অন্যান্য পাবলিক প্লেসে রূপান্তরকামীরা ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হন। আমাদের মূল লক্ষ্য হলো তাঁদের এই পরিস্থিতি থেকে বের করে এনে স্বাবলম্বী করে তোলা। আর এর জন্য স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে।
তিনি আরও বলেন, রূপান্তরকামী সম্প্রদায়কে কসমেটিক সেক্টর, বিউটি সার্ভিস এবং ব্লাড কালেকশন সেন্টারের মতো ক্ষেত্রগুলিতে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব। এর ফলে তাঁরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবেন এবং সমাজের মূল স্রোতে শামিল হওয়ার সুযোগ পাবেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রূপান্তরকামী সম্প্রদায়কে পেশাদার দক্ষতা শেখানোর জন্য বিভাগীয় স্তরে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা হবে। এর পাশাপাশি তাঁদের স্বনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও জোর দেওয়া হবে। উল্লেখ্য, রাজ্য সরকার শীঘ্রই রূপান্তরকামী সমাজের জন্য একটি ব্যাপক স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প চালু করতে পারে। এই লক্ষ্যে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন ব্লক ও গ্রাসরুট স্তরে সমীক্ষা চালিয়ে প্রকৃত অভাবী মানুষদের চিহ্নিত করেন এবং তাঁদের এই প্রশিক্ষণের আওতাভুক্ত করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি