
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি প্রশ্ন তুলেছেন, “কাঁচা তেলের দাম কমলে সাধারণ মানুষকে তার সুফল কেন দেওয়া হচ্ছে না?”
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরকারি তথ্যের উদ্ধৃতি দেন খাড়গে। তিনি জানান, ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার সময় ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের গড় দাম ছিল ব্যারেল প্রতি ১০৮.০৫ ডলার এবং ডলার-পিছু টাকার মূল্য ছিল ৫৮.৫৯ টাকা। সেই সময় দেশে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৭১.৫১ টাকা এবং ডিজেলের দাম ছিল ৫৬.৭১ টাকা।
খাড়গের দাবি, বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৯ ডলারের নীচে নেমে এলেও দেশে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে ১০২.১২ টাকা এবং ৯৫.২০ টাকা প্রতি লিটার হয়েছে। তাঁর বক্তব্য, এই সময়ে পেট্রোলের দাম প্রায় ৪২.৮ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ৬৭.৯ শতাংশ বেড়েছে।
কংগ্রেস সভাপতির অভিযোগ, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহণ খরচ, খাদ্যপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর উপর। ফলে সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির চাপ আরও বাড়ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য