
নয়াদিল্লি, ২৬ মে (হি.স.) : সিবিএসই-র অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও ছাত্রবান্ধব করে তুলতে মঙ্গলবার চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৈঠকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, পুনর্মূল্যায়ন, উত্তরপত্রের ফটোকপি সংগ্রহ এবং ফলপ্রকাশ-পরবর্তী বিভিন্ন পরিষেবার জন্য শিক্ষার্থীদের একটি শক্তিশালী, নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা প্রদান করা অত্যন্ত জরুরি। তিনি ব্যাঙ্কগুলিকে সিবিএসই-র সঙ্গে সমন্বয় রেখে এমন একটি আধুনিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যাতে সময়মতো লেনদেন সম্পন্ন হয়, পেমেন্ট সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান পাওয়া যায় এবং অতিরিক্ত বা ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয় রিফান্ডের সুবিধা থাকে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা, রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়ার মাধ্যমে পেমেন্ট গেটওয়েকে আরও শক্তিশালী করতে হবে। যাতে ভবিষ্যতে কোনও শিক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটি বা পেমেন্ট ব্যর্থতার সমস্যায় না পড়েন।
তিনি ব্যাঙ্ক আধিকারিকদের এই উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে নিরাপদ, নির্বিঘ্ন ও দক্ষ ডিজিটাল লেনদেন নিশ্চিত করতেই হবে।”
বৈঠকে উপস্থিত চারটি ব্যাঙ্কই সিবিএসই-কে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং দ্রুত প্রযুক্তিগত উন্নয়ন ও আরও উন্নত প্রোটোকল চালুর প্রতিশ্রুতি জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৪ মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও ধর্মেন্দ্র প্রধান সিবিএসই-র ফল-পরবর্তী প্রক্রিয়া ও পুনর্মূল্যায়নের সময় শিক্ষার্থীদের পেমেন্ট ও প্রযুক্তিগত সমস্যাগুলি নিয়ে আলোচনা করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য