‘৩ এফ’ মন্তব্যে কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের, অর্থনীতির চাপ নিয়ে সরব জয়রাম রমেশ
নয়াদিল্লি, ২৬ মে (হি. স.) : পশ্চিম এশিয়ার অস্থিরতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ‘৩ এফ’ মন্তব্যকে ঘিরে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ দাবি করেছেন, জ্ব
জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলের অপব্যবহারের অভিযোগে কেন্দ্রকে নিশানা জয়রাম রমেশের


নয়াদিল্লি, ২৬ মে (হি. স.) : পশ্চিম এশিয়ার অস্থিরতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ‘৩ এফ’ মন্তব্যকে ঘিরে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক (যোগাযোগ) জয়রাম রমেশ দাবি করেছেন, জ্বালানি, সার এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটের দিকটি এড়িয়ে গিয়েছে কেন্দ্র।

মঙ্গলবার সমাজমাধ্যম ‘এক্স’-এ করা এক পোস্টে জয়রাম রমেশ বলেন, অর্থমন্ত্রী ‘৩ এফ’— ফুয়েল, ফার্টিলাইজার ও ফরেক্স—কে বড় উদ্বেগের বিষয় হিসেবে তুলে ধরেছেন। কিন্তু তিনি চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘এফ’-এর কথা উল্লেখ করেননি। তাঁর দাবি, দেশে বেসরকারি বিনিয়োগের হার গত কয়েক বছরে ধারাবাহিক ভাবে কমেছে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই প্রবাহেও পতন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি জিডিপির অনুপাতে বেসরকারি কর্পোরেট বিনিয়োগ ২০১৪ সালের আগের সর্বোচ্চ স্তরের প্রায় অর্ধেকে নেমে এসেছে।

কংগ্রেস নেতা আরও বলেন, দেশের শিল্পপতি ও ব্যবসায়ীরা এখন বিদেশে তুলনামূলক স্থিতিশীল এবং লাভজনক ক্ষেত্রের সন্ধান করছেন। এমনকি বহু ভারতীয় কর্পোরেট ব্যক্তিত্ব বিদেশে বসবাসের পথও বেছে নিচ্ছেন। তাঁর মতে, বিনিয়োগ কেবল আর্থিক সিদ্ধান্ত নয়, তার সঙ্গে মানসিক আস্থার সম্পর্কও গভীর ভাবে জড়িত। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও বাজারে চাহিদা প্রত্যাশিত হারে না বাড়ায় শিল্পমহল নতুন বিনিয়োগে উৎসাহ হারাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক বা সিডবির ৩৭-তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘৩ এফ’— ফুয়েল, ফার্টিলাইজার এবং ফরেক্স—এর উপর বিশেষ গুরুত্ব আরোপের কথা বলেন। তাঁর বক্তব্য, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই তিন ক্ষেত্রের উপর বাড়তি নজর রাখা জরুরি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande