
উন্নাও, ২৬ মে (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হয়েছে ৬ জন যাত্রীর। এছাড়াও আরও ১০ জন কমবেশি আহত হয়েছেন। পুলিশ আধিকারিক সঞ্জীব কুশওয়াহ বলেছেন, দিল্লি থেকে বিহারগামী একটি বাস এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন ও ১০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর এবং একজন কয়েদিও রয়েছে। নিহত সাব-ইন্সপেক্টর রামচন্দ্র, কয়েদি ছত্রপালের সঙ্গে বিহারের সিওয়ান থেকে দিল্লি গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরছিলেন। গুরুতর আহতদের লখনউ ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি আওরাস থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ২৬২ কিলোমিটার পয়েন্টে ঘটেছে।
কমিউনিটি হেলথ সেন্টারের ইন-চার্জ ডঃ অনুপ তিওয়ারি বলেন, সকাল সাড়ে ৫টা নাগাদ ইউপিডিএ-র কাছ থেকে একটি ফোন আসে যে আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস ডিভাইডারের ধাক্কা মারে। ম্যানেজমেন্ট টিমকে সক্রিয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই আহতরা আসতে শুরু করেন এবং টিম তাঁদের চিকিৎসা করে। গুরুতর আহত রোগীদের মেডিকেল কলেজে রেফার করা হয়, আর মৃতদের পুলিশের নথিভুক্তকরণের পর মেডিকেল ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়। মোট ৬ জনকে মৃত অবস্থায় আনা হয়।
উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, ''উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মভেদী। শোকে মুহ্যমান পরিবারবর্গের প্রতি আমার সমবেদনা রইল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ