
তিরুভান্নামালাই, ২৬ মে (হি. স.) : তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ে অবস্থিত বিশ্ববিখ্যাত উনামুলাইয়াম্মন শ্রী অরুণাচলেশ্বরর মন্দিরে বৈকাসি তথা বৈশাখ মাসের পূর্ণিমা উপলক্ষে আয়োজিত পবিত্র ‘গিরিভালম’-এর শুভ সময় ঘোষণা করল মন্দির কর্তৃপক্ষ। প্রতি মাসের পূর্ণিমায় অনুষ্ঠিত এই গিরি প্রদক্ষিণকে ঘিরে দেশজুড়ে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।
তিরুভান্নামালাই জেলার অরুণাচলেশ্বরর মন্দির পূর্ণিমা পুজো , গিরিভালম এবং ঐতিহ্যবাহী কার্তিগাই দীপম উৎসবের জন্য আন্তর্জাতিক স্তরেও সুপরিচিত। এই সময় ভগবান অরুণাচলেশ্বরর ও দেবী উনামুলাইয়াম্মনের বিশেষ পুজো , অভিষেক ও বৈদিক আচার অত্যন্ত নিষ্ঠা ও ভক্তিভরে সম্পন্ন করা হয়।
মঙ্গলবার মন্দির প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি বছরে বৈকাসি পূর্ণিমার বিশেষ পুজো অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে, শনিবার। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিট থেকে শুরু করে ৩১ মে, রবিবার দুপুর ২টো ৪১ মিনিট পর্যন্ত ভক্তরা গিরিভালম বা গিরি প্রদক্ষিণ করতে পারবেন। এই সময়ের মধ্যে লক্ষাধিক পুণ্যার্থী পবিত্র অরুণাচল পাহাড়কে ঘিরে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা সম্পূর্ণ করবেন বলে অনুমান প্রশাসনের।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পূর্ণিমার দিনে গিরিভালম করলে বিশেষ পুণ্যলাভ হয় এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। সেই কারণেই তামিলনাড়ুর পাশাপাশি কেরলম , অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও পুদুচেরি-সহ বিভিন্ন রাজ্য থেকে বিপুল সংখ্যক ভক্ত তিরুভান্নামালাইয়ে সমবেত হন।
এ বার ৩০ মে-ই বৈকাসি বিশাখম পড়ায় সাধারণ সময়ের তুলনায় আরও বেশি ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মন্দির ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত প্রস্তুতি শুরু হয়েছে।
ভক্তদের সুবিধার্থে পানীয় জল, শৌচাগার, চিকিৎসা পরিষেবা, অ্যাম্বুল্যান্স, বিশ্রামকেন্দ্র এবং অন্নদান শিবিরের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গিরিভালম-এর পথজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক স্থানে ব্যারিকেড বসানো হবে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ও নিরাপদে প্রদক্ষিণ সম্পন্ন করতে পারেন। মন্দির চত্বরেও বিশেষ ব্যারিকেডিং ও পুলিশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের নির্ধারিত নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে সকলের সহযোগিতাও কামনা করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য