
পশ্চিম বর্ধমান, ৪ মে (হি.স.): পশ্চিম বর্ধমানে আসানসোলের চুরুলিয়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তৃণমূল চুরুলিয়া অঞ্চল সভাপতি ব্রজনারায়ণ রায় জানান, তাঁদের দলীয় কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। অভিযোগের আঙুল বিজেপির দিকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
এদিকে, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রের ভিতরেই বিজেপির এগিয়ে থাকা নিয়ে বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর এজেন্টকে আক্রমণ করার অভিযোগ উঠেছে বিজেপির এজেন্টদের বিরুদ্ধে। অভিযোগ, তাঁকে ছাড়াতে গেলে গণনাকেন্দ্র চত্বরেই বেধড়ক মার খান তৃণমূল প্রার্থী।
এও অভিযোগ, বিজেপি এজেন্টদের হাতে হেনস্থা হতে হয় নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও নৈহাটির সনৎ দে-কে। তৃণাঙ্কুর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির এজেন্টদের বিরুদ্ধে। তিনি এসে আশ্রয় নেন মিডিয়া সেন্টারে। তৃণাঙ্কুর বলেন, আমাদের বেছে বেছে মারছে। এজেন্টদের মেরে তাড়াচ্ছে বিজেপি। আমরা পুনর্গণনা চাইছি। এর পরে বাইরে বেরবো কী করে সেটাও ভয় পাচ্ছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ