
গুয়াহাটি, ৪ মে (হি.স.) : রাজ্যে বিজেপির অভূতপূৰ্ব বিজয়ের পর অসমবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।
নিজের অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা প্রথমেই লিখেছেন ‘ধন্যবাদ অসম’। তিনি লিখেছেন, ‘উন্নয়ন, অগ্রগতি এবং ঐতিহ্য রক্ষার মহান লক্ষ্যকে সামনে রেখে অসমের সম্মানিত জনগণ পরপর তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদৃঢ় নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভারতীয় জনতা পার্টিকে নতুন রেকর্ড গড়ে বিজয়ী করেছেন।’
‘মাননীয় জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীন এবং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের দিকনির্দেশনায় অনুপ্রাণিত আমাদের নিবেদিতপ্রাণ কার্যকর্তাদের নিরলস প্রচেষ্টা ছাড়া এই বিজয় কখনোই সম্ভব হতো না।’
তিনি লিখেছেন, ‘এই বিজয় উন্নয়ন, নারী শক্তির সম্মান, নিজস্ব পরিচয় এবং বিকশিত অসমের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিফলন। এই বিশাল জনাদেশ বরাক থেকে ব্রহ্মপুত্র, উজান থেকে নিম্ন অসম পর্যন্ত জনগণের মনোভাবকে প্রতিফলিত করে এবং সর্বাঙ্গীণ উন্নয়ন ও খিলঞ্জিয়াদের (ভূমিপুত্র) অস্তিত্ব রক্ষার প্রয়োজনীয়তাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।’
‘বিনয়ের সঙ্গে আমরা জনগণের আশীর্বাদ এবং উন্নত ও সুরক্ষিত অসম গড়তে আমাদের অঙ্গীকারের প্রতি তাঁদের উষ্ণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। আবারও পুনরুচ্চারণ করছি, অসমকে ভারতের শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে স্থান দেওয়ার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা আরও উৎসাহের সঙ্গে অব্যাহত থাকবে। সকলকে আন্তরিক ধন্যবাদ!’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস