
কলকাতা, ৪ মে (হি. স.):-রাজ্যে রাজনৈতিক পরিবর্তন ঘিরে উত্তেজনার আবহে এবার উচ্ছ্বাসে সামিল হলেন বাগুইআটির অটোচালকেরাও। প্রাথমিক ফলাফলে বিজেপির ভালো ফলাফলের ইঙ্গিত সামনে আসতেই সোমবার বাগুইআটি এলাকায় প্রায় সাড়ে চারশো অটোচালক গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন এবং মিছিল বের করেন।এদিন বহু অটোচালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট-আউট হাতে নিয়ে রাস্তায় নামেন। বিজেপির পতাকা ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। অটোচালকদের একাংশের দাবি, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং বিজেপি সরকার গঠনের আশায় তাঁরা উচ্ছ্বসিত।মিছিল চলাকালীন বিভিন্ন রাস্তায় যান চলাচলে কিছুটা প্রভাব পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।অটোচালকদের বক্তব্য, দীর্ঘদিনের নানা সমস্যার সমাধান এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির আশায় তাঁরা বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও এখনও সম্পূর্ণ গণনা শেষ হয়নি, তবুও প্রাথমিক ফলাফলের প্রবণতা ঘিরে বাগুইআটিতে উৎসবের আবহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়