
হাওড়া, ৪ মে (হি. স.):-ভোট গণনার আবহে হাওড়ার শিবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)-র গণনা কেন্দ্রের বাইরে সোমবার উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে দ্রুত হস্তক্ষেপ করতে দেখা যায়। এক পর্যায়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।বিজেপি সূত্রে জানা গিয়েছে, শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ জয়ের পথে এগিয়ে রয়েছেন বলে খবর ছড়িয়ে পড়তেই দলীয় কর্মী-সমর্থকেরা গণনা কেন্দ্রের বাইরে জড়ো হয়ে উচ্ছ্বাসে মাতেন। গেরুয়া আবির খেলা ও স্লোগানে এলাকা সরগরম হয়ে ওঠে।অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী গেরুয়া আবির মেখে বিজেপি সমর্থকদের মধ্যে ঢুকে পড়েন এবং নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতির অবনতি হতে দেখে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে। নিরাপত্তার স্বার্থে কয়েকজনকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং গণনা কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়