
বর্ধমান, ৪ মে (হি. স.) : ভোট গণনার মাঝেই পূর্ব বর্ধমান জেলার গোলাপবাগ ইউটিআই কলেজ গণনা কেন্দ্রের ভিতরে সোমবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপি কর্মীদের মারধরে জখম হন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সৌভিক পান। ঘটনায় কিছু সময়ের জন্য গণনা কেন্দ্র চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণনা প্রক্রিয়া চলাকালীন কোনও একটি বিষয়কে কেন্দ্র করে প্রথমে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, সেই সময় কয়েকজন বিজেপি কর্মী সৌভিক পানকে ঘিরে ধরে মারধর করেন। হামলায় তাঁর চোখে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগ।ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত তৃণমূল নেতাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। যদিও বিজেপির দাবি, প্রথমে তৃণমূল কর্মীরাই উত্তেজনা সৃষ্টি করেছিলেন, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়