

গুয়াহাটি, ৪ মে (হি.স.) : নাগাল্যান্ডের কোরিডাং এবং ত্রিপুরার ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে জয় লাভের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলে দলের প্রভাব আরও মজবুত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
আজ ৪ মে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষিত ফলাফল অনুযায়ী, নাগাল্যান্ডের মকোকচুং জেলার অন্তর্গত উপজাতি সংরক্ষিত ২৮ নম্বর কোরিডাং আসনে ৩,১২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি-প্রার্থী দাওচিয়ের আই ইমচেন। এই আসনটি বিজেপির প্রবীণ নেতা ইমকং এল ইমচেনের মৃত্যুর পর শূন্য হয়েছিল। ইমচেন মোট ৭,৩১৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, নির্দলীয় প্রার্থী তোশিকাবাকে পরাজিত করেছেন। তোশিকাবা ভোট পেয়েছেন ৪,১৯৪টি।
অন্যান্য প্রতিদ্বন্দ্বী যে সকল প্রার্থী ছিলেন তাঁরা যথাক্রমে ইমলিওয়াপাং (ভোট পেয়েছেন ৩,৬৩৩টি) এবং আই আবেনজাং (ভোট পেয়েছেন ৩,২১৯টি)। ইমচাটোবা ইমচেন এবং কংগ্রেস-প্রার্থী টি চালুকুম্বা আও ভোট পেয়েছেন যথাক্রমে ১৪৭ এবং ১৪৪ ভোট।
উপজাতি সংরক্ষিত ২৮ নম্বর কোরিডাং নির্বাচনী কেন্দ্রে মোট ২২,৫০৬ জন ভোটার নিবন্ধিত ছিলেন। এর মধ্যে ১৮,৭৪৫টি বৈধ ভোট পড়েছে। নির্বাচনে ৪৮টি নোটা এবং ৪৩টি বাতিল ভোট নথিভুক্ত হয়েছে। কোরিডাঙে ভোট পড়েছিল ৭৫.০৬ শতাংশ।
এদিকে ত্রিপুরার ধর্মনগর আসনে বিজেপির জহর চক্রবর্তী জয়ী হয়েছেন। তিনি কংগ্রেস-প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তকে পরাজিত করেছেন। উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল স্পিকার ও চারবারের বিধায়ক বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে। বিজেপি-প্রার্থী জহর চক্রবর্তী পেয়েছেন ২৪,২৯১ ভোট।
সরকারি ফলাফল অনুযায়ী, কংগ্রেস-প্রার্থী চয়ন ভট্টাচার্য পেয়েছেন ৫,৯৩৬ ভোট এবং সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্ত পেয়েছেন ৬০০১ ভোট। এছাড়াও, আমরা বাঙালির বিভাস রঞ্জন দাস পেয়েছেন ২৭৪, এসইউসিআই-এর সঞ্জয় চৌধুরী পেয়েছেন ২২৬ এবং নির্দলীয় প্রার্থী ব্রজলাল দেবনাথ পেয়েছেন ১২৬টি ভোট। ‘নোটা’-তে পড়েছে ৪৪৪টি ভোট।
এই ফলাফল উত্তরপূর্ব ভারতে বিজেপির ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী প্রভাবকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস