
আসানসোল, ৪ মে (হি. স.): আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে জয়লাভ করে নিজের আধিপত্য বজায় রাখলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী অগ্নিমিত্রা পাল। সোমবার ভোট গণনার শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে সরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ৪০ হাজার ৮৩৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, অগ্নিমিত্রা পাল মোট ১ লক্ষ ১৯ হাজার ৫৮২টি ভোট পেয়েছেন। গণনার শুরু থেকেই তিনি লিড বজায় রেখেছিলেন এবং রাউন্ড যত বেড়েছে, জয়ের ব্যবধান ততই স্পষ্ট হয়েছে। আসানসোল শিল্পাঞ্চলে বিজেপির এই বড় জয় জেলা সংগঠনকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। শংসাপত্র হাতে পাওয়ার পর অগ্নিমিত্রা এই জয়কে আসানসোলের সাধারণ মানুষের জয় বলে উৎসর্গ করেছেন।
পাহাড়ের রাজনীতিতেও বড়সড় চমক দিল বিজেপি। কালিম্পং বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী ভরত ছেত্রী। পাহাড়ের আঞ্চলিক দলগুলোর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে এই জয় উত্তরবঙ্গে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে জয়ী ঘোষণা করার পরেই কালিম্পং জুড়ে গেরুয়া আবির মেখে উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। শিল্পাঞ্চল থেকে পাহাড়—রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই জয়ের খবর নবান্ন দখলের লড়াইয়ে বিজেপিকে কয়েক কদম এগিয়ে দিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি