
কলকাতা, ৪ মে (হি. স.) : ভোটগণনা যত এগোচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে পদ্ম শিবিরের আধিপত্য ততই স্পষ্ট হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পথে ভারতীয় জনতা পার্টি। বর্তমান ট্রেন্ড ও ফলাফলের নিরিখে বিজেপি মোট ২০৬টি আসনে এগিয়ে রয়েছে, যা ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি।
কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ইতিমধ্যে ৯১টি আসনে জয়ী ঘোষিত হয়েছে এবং আরও ১১৫টি আসনে তারা লিড বজায় রেখেছে। অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেসের অবস্থা বেশ শোচনীয়। তারা এখনও পর্যন্ত মাত্র ৩৯টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং ৪২টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ, তৃণমূলের পক্ষে আপাতত মাত্র ৮১টি আসনের ঝুলি দেখা যাচ্ছে।
অন্যান্য দলগুলোর মধ্যে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন ‘আম জনতা উন্নয়ন পার্টি’ চমকপ্রদ ফল করেছে; তারা ইতিমধ্যে ২টি আসনে জয়ী হয়েছে। জাতীয় কংগ্রেস ১টি আসনে জয়লাভের পাশাপাশি আরও ১টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বামফ্রন্ট (সিপিএম) এবং আইএসএফ মাত্র ১টি করে আসনে কোনোক্রমে নিজেদের লিড ধরে রেখেছে।
আসন সংখ্যার পাশাপাশি প্রাপ্ত ভোটের হারের দিক থেকেও তৃণমূল কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, বিজেপি বর্তমানে ৪৫.৭৬ শতাংশ ভোট পেয়েছে। বিপরীতে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে রয়েছে ৪০.৮১ শতাংশ ভোট। অর্থাৎ, ভোট শতাংশের হিসেবেও প্রায় ৫ শতাংশ ব্যবধানে শাসকদলকে টেক্কা দিচ্ছে গেরুয়া শিবির।
রাজনৈতিক মহলের মতে, ভোট শতাংশের এই বিশাল ব্যবধানই প্রমাণ করছে যে রাজ্যের জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ—সর্বত্রই তৃণমূলের ভোটব্যাংকে বড়সড় ধস নেমেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবধান আরও বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি