ভগবানগোলায় ৫৬ হাজারেরও বেশি ভোটে জিতলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার
ভগবানগোলা, ৪ মে (হি. স.): মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করে নিজেদের গড় রক্ষা করল তৃণমূল কংগ্রেস। সোমবার ভোট গণনার শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারকে সরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়ে
ভগবানগোলায় ৫৬ হাজারেরও বেশি ভোটে জিতলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার


ভগবানগোলা, ৪ মে (হি. স.): মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়লাভ করে নিজেদের গড় রক্ষা করল তৃণমূল কংগ্রেস। সোমবার ভোট গণনার শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকারকে সরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বামফ্রন্ট (সিপিএম) প্রার্থী মহামুদল হাসানকে (মিঠু) ৫৬ হাজার ৪০৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

গণনার শুরু থেকেই ভগবানগোলায় দাপট বজায় রেখেছিলেন রেয়াত হোসেন সরকার। রাউন্ড যত বেড়েছে, ব্যবধান তত আকাশছোঁয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, তৃণমূল প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ৯৯৭টি ভোট। অন্যদিকে, সিপিএম প্রার্থী মহামুদল হাসান পেয়েছেন ৪৯ হাজার ৫৯০টি ভোট। কংগ্রেসের অঞ্জু বেগম ২৯ হাজার ৪৪০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন এবং বিজেপির ভাস্কর সরকার পেয়েছেন ২৩ হাজার ১০৪ ভোট।

উল্লেখ্য, ২০২৪-এর উপনির্বাচনেও এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রেয়াত হোসেন সরকার। এবার তাঁর জয়ের ব্যবধান পূর্বের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেল। এই জয় জেলা তৃণমূলের সংগঠনকে যেমন অক্সিজেন দিল, তেমনই সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় শাসক দলের প্রভাব আরও একবার স্পষ্ট করল। শংসাপত্র হাতে পাওয়ার পরেই রেয়াত হোসেন সরকার এই জয়কে ভগবানগোলার সাধারণ মানুষের জয় বলে উৎসর্গ করেছেন। ফল ঘোষণার পর এলাকায় সবুজ আবির মেখে উৎসবে মেতে উঠেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande