
গুরদাসপুর, ৪ মে (হি.স.): পাঞ্জাবের গুরদাসপুর জেলার বাটালা মহকুমার ফতেহগড় চুরিয়ান এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি স্ত্রীকে গুলি করে খুন করার পর নিজে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় কাদিয়ান রাজপুতান গ্রামে ঘটনাটি ঘটে। ঘরের মেঝেতে স্ত্রীর এবং সোফার উপর স্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম বারিন্দর সিং (৪২)। তাঁর স্ত্রী পরমশীল (৪০) ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, রাগের বশে বারিন্দর সিং তাঁর লাইসেন্সপ্রাপ্ত পিস্তল দিয়ে প্রথমে স্ত্রীর পায়ে এবং পরে মাথার ডান দিকে গুলি করেন। এরপর তিনি নিজের বুকে গুলি করে আত্মঘাতী হন।
ঘটনার খবর পেয়ে আলিউয়াল থানার ডিএসপি ললিত কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। দুটি দেহ ময়নাতদন্তের জন্য বাটালার সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস