
হাওড়া, ৪ মে (হি.স.): হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গোলমালের খবর আসার পর নবান্নের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। নবান্ন-সহ অন্যান্য সরকারি দফতরগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সূত্রের দাবি, সোমবার বেলা গড়াতেই হাওড়ার পুলিশ কমিশনারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর একটি দল নবান্ন এলাকায় টহল দেয়। ভবনে ঢোকা-বেরোনোর বিভিন্ন পথে বসিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। এমনকি, নবান্নের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
নবান্ন, মহাকরণ, বিকাশ ভবন, জলসম্পদ ভবন, খাদ্যভবনেও কিউআরটি যায়। সূত্রের খবর, গণনা কেন্দ্রে বিজেপির জয়জয়কার শুরু হওয়ার পরপরই নবান্নের নিরাপত্তার দায়িত্ব নেয় কেন্দ্রীয় বাহিনী। মূলত সরকারি নথিপত্র এবং গুরুত্বপূর্ণ ফাইল যাতে বাইরে পাচার না হতে পারে, সেই উদ্দেশ্যেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ