
গুয়াহাটি, ৪ মে (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ভারতীয় জনতা পার্টি-নেতৃত্বাধীন জোট ৯৪টি আসনে এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই চারটি আসনে জয়লাভ করেছে দল। ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮। জোটের চার আসনে জয় সহ বিজেপি ৭৫টি আসনে এগিয়ে, আর তাদের সহযোগী বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) এবং অসম গণ পরিষদ (অগপ) যথাক্রমে ১০ এবং ৯-টি আসনে এগিয়ে চলেছে। প্রাথমিক এই প্রবণতা বিজেপি সহ জোটের শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত দিচ্ছে।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা জলুকবাড়ি কেন্দ্রে ১৭,২১৪ ভোটে এগিয়ে রয়েছেন। তিনি টানা ষষ্ঠবার এই আসন জয়ের লক্ষ্যে এগোচ্ছেন।
যোরহাটে দশম রাউন্ড শেষে বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী ৪৮,১৩৮ ভোট পেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ৩২,২০৬ ভোট পেয়ে ১৫,৯৩২ ভোটে পিছিয়ে রয়েছেন।
কালিয়াবর কেন্দ্রে দশম দফার গণনায় অগপ-প্রার্থী কেশব মহন্ত ৪৫,০১৮ ভোট পেয়েছেন, আর নির্দলীয় প্রার্থী জিতেন গৌর পেয়েছেন ২৯,১০৯ ভোট। ফলে কেশব মহন্ত ১৫,৯০৯ ভোটে এগিয়ে রয়েছেন।
গোয়ালপাড়া পূর্বে ১৩ রাউন্ডে কংগ্রেস ৫০,৯৬৩ ভোট পেয়ে অগপর ২৯,১৪৫ ভোটের বিপরীতে ২১,৮১৮ ভোটে এগিয়ে। গোয়ালপাড়া পশ্চিমে ১০ রাউন্ডে বিজেপি ৮০,৭৫৬ ভোট পেয়ে কংগ্রেসের ৪৬,০০৯ ভোটের বিপরীতে ৩৪,৭৪৭ ভোটে এগিয়ে। দুধনৈয়ে ১৬ রাউন্ডে বিজেপি ৬৮,৭২৫ ভোট পেয়ে কংগ্রেসের ৩২,৭৮৪ ভোটের তুলনায় ৩৫,৯৪১ ভোটে এগিয়ে।
জলেশ্বরে ১৬ রাউন্ডে কংগ্রেস ৮৭,১৭৮ ভোট পেয়ে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর ২৮,০৩২ ভোটের বিপরীতে ৫৯,১৪৬ ভোটে বিশাল লিড নিয়েছে।
অভয়াপুরীতে ১২ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী ভূপেন রায় ৭৮,১৯৫ ভোট পেয়ে কংগ্রেসের প্রদীপ সরকার (৩৭,৫৯২ ভোট)-এর বিরুদ্ধে ৪০,৬০৩ ভোটে এগিয়ে।
বিন্নাকান্দি কেন্দ্রে এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিন আজমল তাঁর প্রতিদ্বন্দ্বী থেকে ১০,২৫৩ ভোটে এগিয়ে রয়েছেন।
নাজিরায় কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া ১২,১৬৬ ভোটে পিছিয়ে পড়েছেন। সেখানে বিজেপির ময়ূর বড়গোহাঁই এগিয়ে যাচ্ছেন।
পর্বতঝোড়ায় ষষ্ঠ রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী আশ্রাফুল ইসলাম ৩০,৪৭৫ ভোট পেয়ে বিপিএফ প্রার্থী থেকে ৯,১০৮ ভোটে এগিয়ে।
ধিং কেন্দ্রে রাইজর দলের প্রার্থী মেহবুব মোক্তার নবম রাউন্ড শেষে ৩৭,৮৮৫ ভোটে এগিয়ে।
কোকরাঝাড় অঞ্চলের একাধিক কেন্দ্রে বিপিএফ এগিয়ে রয়েছে। কোকরাঝাড়, দোতমা ও বখুংক্রি, সব কেন্দ্রেই বিপিএফ-প্রার্থীরা লিড বজায় রেখেছেন।
রহা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী উৎপল বানিয়া ১০,৬০৩ ভোটে এগিয়ে রয়েছেন।
বরাক উপত্যকার একাধিক কেন্দ্রে এগিয়ে বিজেপি। শিলচর কেন্দ্রে সপ্তম রাউন্ড শেষে বিজেপি ৪০,৭০৫ ভোট পেয়ে কংগ্রেসের ২২,০৫৭ ভোটের বিপরীতে ১৮,৬৪৮ ভোটে এগিয়ে। এছাড়া ধলাই, লক্ষ্মীপুর, উদারবন্দ, বড়খলায় বিজেপি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
শ্রিজনগ্রাম কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী লিড বজায় রেখেছে।
গোয়ালপাড়া পূর্বে কংগ্রেস এগিয়ে থাকলেও পশ্চিম ও দুধনৈয়ে বিজেপি শক্ত অবস্থান ধরে রেখেছে।
দোতমায় ষষ্ঠ রাউন্ড শেষে বিপিএফ প্রার্থী রবিরাম নার্জারি ৯,১৭০ ভোটে এগিয়ে রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস