
হুগলি , ৪ মে (হি.স.): আরামবাগ বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতা ভাগকে ২৮,৯৫৯ ভোটে পরাজিত করেন।
ফল ঘোষণার পর থেকেই আরামবাগ এলাকাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়। বিজয় মিছিল, আবির খেলা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।
জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমন্ত বাগ বলেন, “এ জয় আমার ব্যক্তিগত নয়, এ জয় আরামবাগবাসীর জয়।” তিনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস তাঁর উপর রেখেছেন, সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন।
নবনির্বাচিত বিধায়ক আরও জানান, নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির অধিকাংশই এক বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন তিনি। আরামবাগের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রাস্তা ও পরিকাঠামোর উন্নতি এবং কৃষকদের স্বার্থরক্ষাই তাঁর প্রধান অগ্রাধিকার হবে বলে জানান তিনি।
সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত ও সুসংহত আরামবাগ গড়ে তোলার আশ্বাস দেন হেমন্ত বাগ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA