
বাঁকুড়া, ৪ এপ্রিল (হি.স.) : রাজ্যজুড়ে নির্বাচনী ফলাফলে বিজেপির অনুকূলে বড় পরিবর্তনের প্রভাব পড়ল বাঁকুড়াতেও। গণনার শুরু থেকেই জেলার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের বাইরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
গণনা যত এগোতে থাকে, ততই বিজেপির প্রাধান্য স্পষ্ট হতে শুরু করে। জেলার পাশাপাশি রাজ্যজুড়েও একই চিত্র দেখা যায়। দুপুরের পর থেকেই বিজেপির শিবিরে কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে, অন্যদিকে তৃণমূল শিবির ধীরে ধীরে ফাঁকা হয়ে পড়ে। বিকেল গড়াতেই তৃণমূল শিবির কার্যত নিস্তব্ধ হয়ে যায়।
বিজেপির অগ্রগতির খবর ছড়িয়ে পড়তেই দলের কর্মী-সমর্থকরা উল্লাসে রাস্তায় নেমে আসেন। পতাকা হাতে আনন্দ মিছিল, আলিঙ্গন ও আবির খেলা শুরু হয়। অনেক জায়গায় অকাল হোলির মতো পরিবেশ তৈরি হয়।
এই সময় গণনা কেন্দ্রের কাছে এক তৃণমূল কর্মীকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, তাকে ধাওয়া করেন কয়েকজন বিজেপি কর্মী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। একই সময়ে এক তৃণমূল নেতার গাড়ি এলাকায় প্রবেশ করলে কিছুক্ষণের জন্য আবারও উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির এই অগ্রগতিতে বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দলের কর্মী ও সমর্থকদের অভিনন্দন জানান। তিনি বলেন, “এই জয় আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। মানুষের প্রত্যাশা পূরণে আমাদের আরও মনোযোগী হতে হবে।” একইসঙ্গে তিনি সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে এলাকায় কোনো ধরনের অশান্তি না ছড়ানোর অনুরোধ করেন।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা ওন্দা বিধানসভার প্রার্থী সুব্রত দত্ত বলেন, “মানুষ আমাদের বিপক্ষে রায় দিয়েছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট