
বাঁকুড়া, ৪ এপ্রিল (হি.স.) : বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা আসনের মধ্যে একমাত্র ইন্দাস বাদে বাকি সব আসনেই বিজেপি প্রার্থীরা প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বিভিন্ন কেন্দ্রে গণনা এগোনোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে বিজেপির ব্যাপক আধিপত্য।
২৫২ নম্বর বাঁকুড়া বিধানসভা আসনে ২৩ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডলের থেকে ৫১,২৫৮ ভোটে এগিয়ে রয়েছেন। এখানে মোট ২৪ রাউন্ডের মধ্যে একটি রাউন্ড গণনা বাকি রয়েছে।
শালতোড়া বিধানসভা কেন্দ্রে ১৫ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী চন্দনা বাউরী ৩২,১৩৫ ভোটে তৃণমূল প্রার্থী উত্তম বাউরিকে পিছনে ফেলেছেন। সোনামুখীতে ২১ রাউন্ডের মধ্যে ১৫ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি ২৩,৪৯৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কল্লোল সাহার থেকে।
তালডাংরা কেন্দ্রে ১৩ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সৌভিক পাত্র ৪০,১২২ ভোটে এগিয়ে রয়েছেন গতবারের বিজয়ী তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর থেকে।
রানিবাঁধ আসনে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু জয় নিশ্চিত করেছেন। তিনি পেয়েছেন ১,৩১,১৪৫ ভোট, তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা পেয়েছেন ৭৮,৮৭৬ ভোট এবং সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম পেয়েছেন ১৩,২০০ ভোট।
বড়জোড়া কেন্দ্রে ১৭ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী বিলেশ্বর সিনহা ৩২,৩৬৩ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রর থেকে। বিষ্ণুপুরে ১৪ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শুক্লা চট্টোপাধ্যায় ২৮,৬৬৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের থেকে।
ইন্দাস আসনে ১৬ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদি ৯,৫৯৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার থেকে। ওন্দা কেন্দ্রে ২১ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী অমরনাথ শাখা ২৭,৮০১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত দত্তের থেকে।
রাইপুরে ১২ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা ২৪,৭৩৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ঠাকুরমনি সরেনের থেকে। ছাতনায় ২০ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় ৪১,১৯১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী স্বপন কুমার মণ্ডলের থেকে।
কোতুলপুরে ১৮ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী লক্ষীকান্ত মজুমদার ২৮,৬৫০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহারের থেকে।
সব মিলিয়ে বাঁকুড়ার ১২টি আসনের মধ্যে ১১টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে বা জয়ের পথে রয়েছে বলে ট্রেন্ডে স্পষ্ট হয়েছে।
সকালে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের বাইরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গণনার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজেপি শিবিরে উচ্ছ্বাস দেখা যায়। রাস্তায় গেরুয়া আবির খেলা, পতাকা হাতে আনন্দ মিছিল ও উল্লাসে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। অন্যদিকে তৃণমূল শিবিরে কার্যত নীরবতা নেমে আসে, অধিকাংশ কর্মী-সমর্থক এলাকা থেকে সরে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি জোরদার রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট