
আরামবাগ , ৪মে (হি.স): গোঘাট বিধানসভা কেন্দ্রে জয় লাভ করলেন বিজেপি প্রার্থী প্রশান্ত দীগর। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল মাঝিকে ৪৯,৫৮২ ভোটে পরাজিত করেন। ফল ঘোষণার পর গোঘাটের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আবির খেলা, মিষ্টি বিতরণ এবং বিজয় মিছিলে মুখর হয়ে ওঠে এলাকা।
গণনা কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত দীগর বলেন, “আমি ধন্যবাদ জানাবো গোঘাটের আপামর জনগণকে, যারা আমাকে আশীর্বাদ করেছেন। এই জয় আমার একার নয়, গোঘাটবাসীর জয়।” তিনি আরও জানান, মানুষের যে আস্থা ও বিশ্বাস তিনি পেয়েছেন, তা পূরণ করাই এখন তাঁর প্রধান দায়িত্ব।
নবনির্বাচিত বিধায়ক বলেন, আগামী দিনে গোঘাটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন। বিশেষ করে রাস্তা-পরিকাঠামো উন্নয়ন, কৃষকদের স্বার্থরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে জোর দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোতেও তিনি উদ্যোগী হবেন বলে আশ্বাস দেন। গোঘাটবাসীর প্রত্যাশা পূরণে তিনি আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান প্রশান্ত দীগর।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA