নথিপত্র সরানো বা নষ্ট করায় জারি নিষেধাজ্ঞা: নবান্নে পালাবদলের আবহে মুখ্যসচিবের কড়া নির্দেশিকা
কলকাতা, ৪ মে (হি. স. ) : নবান্নের ক্ষমতার পটপরিবর্তনের আবহে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। সোমবার একটি জরুরি নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে যে, রাজ্যের কোনো সরকারি দফতর থেকে কোনো
নথিপত্র সরানো বা নষ্ট করায় জারি নিষেধাজ্ঞা: নবান্নে পালাবদলের আবহে মুখ্যসচিবের কড়া নির্দেশিকা


কলকাতা, ৪ মে (হি. স. ) : নবান্নের ক্ষমতার পটপরিবর্তনের আবহে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এক নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। সোমবার একটি জরুরি নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে যে, রাজ্যের কোনো সরকারি দফতর থেকে কোনো গুরুত্বপূর্ণ নথি বা ফাইল সরানো বা নষ্ট করা যাবে না।

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আগামী ৬ মে আদর্শ আচরণবিধি শেষ হওয়ার পরেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। তার আগেই এই বিশেষ নোটিস জারি করে নবান্ন ও রাইটার্স বিল্ডিংসহ সমস্ত সরকারি অফিসের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, কোনো সরকারি নথি বা রেকর্ড কোনোভাবেই নষ্ট করা বা সরানো যাবে না। এছাড়া যেকোনো নথির ফটোকপি, প্রিন্টআউট বা স্ক্যান করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকের প্রয়োজনীয় অনুমতি নিতে হবে এবং নথি আদান-প্রদানের ক্ষেত্রে সঠিক নিয়ম ও পদ্ধতি কঠোরভাবে পালন করতে হবে।

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাইটার্স বিল্ডিংস থেকে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে স্থানান্তরিত হয়েছিল। বিগত দেড় দশকে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত এবং প্রকল্পের নথিপত্র নবান্নেই সংরক্ষিত রয়েছে। যদিও কিছু দফতর এখনও রাইটার্স বিল্ডিং-এ কাজ করে। রাজ্যে সরকার পরিবর্তনের এই সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ লোপাটের উদ্দেশে নথিপত্র নষ্ট করার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, এই সম্ভাব্য সংকট এড়াতেই বিদায়ী সরকারের শীর্ষ আমলারা এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপি বাংলায় যে ঐতিহাসিক সাফল্য পেয়েছে, তার পূর্ণাঙ্গ প্রতিফলনের অপেক্ষায় এখন রাজ্যবাসী। আগামী কয়েকদিনের মধ্যেই নবান্নে প্রশাসনিক খোলনলচে বদলের প্রক্রিয়া শুরু হবে। তার আগে এই নির্দেশিকার মাধ্যমে বিদায়ী প্রশাসনের যাবতীয় দায়বদ্ধতা ও নথিপত্র সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ‘বাংলায় ফুটল পদ্ম’—প্রধানমন্ত্রীর এই বার্তার পর এখন নবান্নের অলিন্দে অলিন্দে নতুন সরকারের আগমনের প্রস্তুতি তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande