
শান্তিরবাজার (ত্রিপুরা), ৪ মে (হি.স.): প্রবল ঝড়ের তাণ্ডবের পর থেকে এখনও পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি এলাকার বিভিন্ন স্থানে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার করা যায়নি। বিশেষ করে জোলাইবাড়ির পশ্চিম পিলাকের সাহাপাথর এলাকায় গত ১২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, একাধিকবার জোলাইবাড়ি বিদ্যুৎ নিগমের কার্যালয়ে জানানো সত্ত্বেও সমস্যার কোনও স্থায়ী সমাধান করা হয়নি। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ দফতরের কর্মীদের গাফিলতি ও খামখেয়ালী মনোভাবের কারণেই দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী সোমবার রাতে জোলাইবাড়ি বিদ্যুৎ নিগমের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন অভিযোগ ওঠে যে কার্যালয়ের এক যানচালক সুব্রত গোপ সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের কাজে বাধা দেন এবং ক্যামেরা বন্ধ করার হুমকি দেন।
ঘটনাকে কেন্দ্র করে সাহাপাথর এলাকার বাসিন্দারা পুনরায় বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, অভিযুক্ত যানচালক সুব্রত গোপের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি, দ্রুত সাহাপাথর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিও জানান তাঁরা। এলাকাবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ