
মালদা, ১ জুন (হি. স.):গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খুলতেই সরকারি নির্দেশ মেনে ‘বন্দেমাতরম’ গানের মাধ্যমে শুরু হলো পঠন-পাঠনের কাজ। রাজ্যের অন্যান্য জেলার মতো মালদার বিভিন্ন স্কুল ও মাদ্রাসাতেও সোমবার সকালেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দেমাতরম’ গাওয়া হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দিনের শিক্ষাকার্যক্রম শুরু হয়।মালদার শতবর্ষ প্রাচীন ও ঐতিহ্যবাহী মালদা মডেল মাদ্রাসায় এদিন ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষিকারা একসঙ্গে ‘বন্দেমাতরম’ গানে কণ্ঠ মেলান। বিদ্যালয় প্রাঙ্গণে দেশাত্মবোধক আবহের মধ্যেই নতুন শিক্ষাদিবসের সূচনা হয়। শিক্ষার্থীদের মধ্যেও এদিন উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়েছে এবং তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর আহমেদ বলেন, দেশের প্রতি শ্রদ্ধা ও জাতীয় চেতনা জাগ্রত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সাংবিধানিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয় সবসময় সচেষ্ট।সরকারি নির্দেশ কার্যকর হওয়ার প্রথম দিনেই মালদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়