দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি যাচাই, উমাকান্ত স্কুল মাঠে সদর মহকুমা প্রশাসনের বিশেষ মহড়া
আগরতলা, ১ জুন (হি.স.) : প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে সোমবার রাজধানী আগরতলায় উমাকান্ত স্কুল মাঠে বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা মহড়ার আয়োজন করে সদর মহকুমা প্রশাসন। বিকেলে অনুষ্ঠিত এই মহড়ায় বিভিন্ন দফতরের আধি
মহড়া অনুষ্ঠিত


আগরতলা, ১ জুন (হি.স.) : প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে সোমবার রাজধানী আগরতলায় উমাকান্ত স্কুল মাঠে বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা মহড়ার আয়োজন করে সদর মহকুমা প্রশাসন। বিকেলে অনুষ্ঠিত এই মহড়ায় বিভিন্ন দফতরের আধিকারিক, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, দমকল কর্মী, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধারকাজ পরিচালনা, ক্ষয়ক্ষতি কমানো এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতির বাস্তবধর্মী অনুকরণ করা হয় এবং সংশ্লিষ্ট বাহিনীগুলির তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধার সক্ষমতা প্রদর্শন করা হয়।

মহড়ার অংশ হিসেবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা, আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের প্রক্রিয়া প্রদর্শন করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কীভাবে বিভিন্ন দফতর ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা যায়, তাও তুলে ধরা হয়।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা ও দ্রুত হাসপাতালে স্থানান্তরের মহড়া প্রদর্শন করা হয়। অন্যদিকে দমকল বাহিনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে আধুনিক সরঞ্জামের ব্যবহার সম্পর্কে প্রদর্শনী করে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দুর্যোগকবলিত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশলও তুলে ধরেন।

মহড়ায় উপস্থিত আধিকারিকরা বলেন, দুর্যোগের সময় শুধুমাত্র প্রশাসনের প্রস্তুতি যথেষ্ট নয়, সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা ও প্রস্তুতি থাকা জরুরি। তাই নিয়মিত এ ধরনের মহড়া আয়োজনের মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সকলকে অবগত করা হচ্ছে।

এদিন মহড়ার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সদর মহকুমা শাসক মানিক লাল দাস বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। দুর্যোগের সময় বিভিন্ন দফতরের মধ্যে দ্রুত সমন্বয়, সঠিক পরিকল্পনা এবং প্রশিক্ষিত জনবলই ক্ষয়ক্ষতি কমানোর প্রধান হাতিয়ার। তিনি ভবিষ্যতেও এ ধরনের মহড়া নিয়মিতভাবে আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

মহড়াটি দেখতে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। উপস্থিত দর্শকদের দুর্যোগের সময় নিরাপদে থাকার উপায় এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কেও সচেতন করা হয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande