
কলকাতা, ১ জুন (হি স)। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন ইতিহাস লিখল মাটিগাড়া-নকশালবাড়ি। স্বাধীনতার পর এই প্রথম এই বিধানসভা কেন্দ্র থেকে কেউ রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন। সোমবার লোক ভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক আনন্দময় বর্মন।
দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্ব থেকে বঞ্চিত বলে মনে করত এলাকার মানুষ। তাই আনন্দময় বর্মনের মন্ত্রী হওয়াকে অনেকেই নতুন সম্ভাবনার দরজা খোলার ইঙ্গিত হিসেবে দেখছেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং শান্ত স্বভাবের জন্য তিনি আগে থেকেই এলাকায় বিশেষ জনপ্রিয়। এদিন উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
শপথ গ্রহণের পর আনন্দময়বাবু জানান, তাঁর প্রথম লক্ষ্য হবে মাটিগাড়া-নকশালবাড়িকে আরও আধুনিক ও সুসংগঠিত এলাকায় পরিণত করা। নাগরিক পরিষেবার উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতার উপর বিশেষ জোর দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি এলাকার ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন পুরসভা গঠন বা পুরনিগমের সঙ্গে সংযুক্তির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে ইঙ্গিত দেন।
মন্ত্রীত্বের এই নতুন অধ্যায় ঘিরে মাটিগাড়া-নকশালবাড়ির মানুষের চোখে এখন একটাই স্বপ্ন—উন্নয়ন, স্বচ্ছতা এবং বদলের নতুন সূচনা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত