
কলকাতা, ১ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী (ক্যাবিনেট) হিসেবে শপথ নেওয়ার অব্যবহিত পরেই নিজের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও গৌরবময় দিন বলে মন্তব্য করলেন নবনিযুক্ত মন্ত্রী অর্জুন সিং। সোমবার লোকভবনে রাজকীয় শপথগ্রহণ অনুষ্ঠানের পর এক্স হ্যান্ডেলে এক আবেগঘন বার্তায় নিজের এই অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
এক্স হ্যান্ডেলের বার্তায় অর্জুন সিং লিখেছেন যে, এই গুরুদায়িত্ব পাওয়ায় রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা আরও অনেক বেড়ে গেল। এই ঐতিহাসিক মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের নাগরিকদের অকুণ্ঠ সমর্থন ও গণতান্ত্রিক রায়ের জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নবনিযুক্ত এই ক্যাবিনেট মন্ত্রী।
বার্তায় তিনি দাবি করেন, এ রাজ্যের সাধারণ মানুষের জোরালো সমর্থনের জোরেই তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দিনের শাসনের অবসান ঘটিয়ে বিজেপি আজ রাজ্যের সেবা করার সুযোগ পেয়েছে। তাঁর কথায়, এই জয় কোনও নির্দিষ্ট ব্যক্তি বা দলের নয়, বরং পরিবর্তনের প্রত্যাশী পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের জয়ের প্রতীক।
নবনিযুক্ত মন্ত্রী স্পষ্ট জানান, স্বচ্ছতা, সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আগামীদিনে কাজ করবে তাঁদের সরকার। বিশেষ করে কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষককল্যাণ, যুবসমাজের সার্বিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের উপর সরকার বিশেষ জোর দেবে বলে উল্লেখ করেছেন তিনি। একই সাথে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি সমৃদ্ধ ও শক্তিশালী ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও শোনা গেছে মন্ত্রীর গলায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত