
কলকাতা, ১ জুন (হি. স.) : আগামী ১১ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে রাজ্যের সব দফতরের বর্তমান অবস্থা নিয়ে সচিবদের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি। ৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট দফতরের সচিবদের রিপোর্ট জমা করতে হবে।
সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। তার আগে সব দফতরের বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত ধারণা নিতে চান তিনি। এমনিতে এই দায়িত্ব থাকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীদের। আগেই ৫ মন্ত্রী শপথ নিয়েছিলেন। সোমবার আরও ৩৫ জন বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
এখনও দফতর বণ্টন হয়নি। ৫ জুনের মধ্যে রিপোর্ট দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। সে কারণে এই রিপোর্ট দেওয়ার দায়িত্ব আপাতত রাজ্যের সব দফতরের সচিবদের দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই প্রস্তুতি নিয়ে নীতি আয়োগের বৈঠকে যেতে চান মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বর্তমান সরকার মনে করে, গত ১৫ বছরে পূর্বতন সরকারের ‘অসহযোগিতার’ কারণে কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য আদায় হয়নি। এখন সেই প্রাপ্য আদায়ের দিকেই নজর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সে জন্য তৎপর হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত