
আলীপুরদুয়ার, ১ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণে এক অনন্য রেকর্ড গড়ল আলীপুরদুয়ার জেলা। সোমবার কলকাতার লোকভবনে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে জেলার তিন বিধায়ক— ফালাকাটার দীপক বর্মন, কুমারগ্রামের মনোজ ওঁরাও এবং কালচিনির বিশাল লামা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
একটি মাত্র জেলা থেকে তিন-তিনজন বিধায়ক মন্ত্রিসভায় স্থান পাওয়ায় গোটা আলীপুরদুয়ার জেলা জুড়ে এখন উৎসবের মেজাজ।
পার্টি সূত্রের খবর, রবিবার রাতে এই নেতাদের মন্ত্রী হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে সামনে আসার পর থেকেই বিজেপি কর্মীদের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। জেলার বিজেপি কার্যালয়ের বাইরে গভীর রাত থেকেই কর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাতভর চলে দেদার বাজি ফাটানো এবং আবির খেলা। বেশ কিছু এলাকায় মিষ্টিও বিতরণ করা হয় এবং সাধারণ মানুষকেও এই খুশিতে শামিল করা হয়।
সোমবার সকাল থেকেই আলীপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম এবং কালচিনি এলাকায় এক চরম উদ্দীপনা দেখা গেছে। বিজেপি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এই জেলা এবার রাজ্য সরকারে এক শক্তিশালী প্রতিনিধিত্ব পেল। এর ফলে ডুয়ার্স অঞ্চল, বিশেষ করে আদিবাসী ও চা বলয়ের সামগ্রিক উন্নয়নে আরও গতি আসবে।
লোকভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) দেখার পর থেকেই জেলা জুড়ে এই আনন্দ ও উদযাপনের আবহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি