
কলকাতা, ১ জুন (হি.স.): সোমবার সকালে খাদ্য ভবনে দুর্ঘটনা। খাদ্য ভবনের বি ব্লকের চারতলার সিঁড়ির রেলিং থেকে নীচে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন বিভাগের নোডাল অফিসার তথা যুগ্ম সচিব ইন্দ্রদেব ভট্টাচার্য। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা তাঁরা একটি শব্দ শুনতে পান। গিয়ে দেখেন, ইন্দ্রদেব ভট্টাচার্য নীচের তলার সিঁড়ির পাশে রাখা আসবাবপত্রের উপরে পড়ে রয়েছেন। তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা চলছে।
প্রশ্ন উঠছে কীভাবে ওই আধিকারিক রেলিং গড়ে পড়ে গেলেন, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আপাতত তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। কী ভাবে তিনি পড়ে গেলেন তা খতিয়ে দেখছেন খাদ্য ভবনের আধিকারিকেরা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ