
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : তেলিয়ামুড়া-খোয়াই সড়কের নির্মাণকাজকে কেন্দ্র করে করইলং, ইচারবিলসহ সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া জলনিকাশি সমস্যার সমাধানে উদ্যোগী হলেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। সোমবার তিনি এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে করইলং থেকে ইচারবিল পর্যন্ত সড়কের দুই ধারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা সরেজমিনে শোনেন।
জানা গেছে, সম্প্রতি সড়কের সম্প্রসারণ ও উন্নয়নমূলক কাজের ফলে রাস্তার দুই ধারের একাধিক বসতি এলাকায় জল জমে থাকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষাকাল ঘনিয়ে আসায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকের অভিযোগ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থার অভাবে বৃষ্টির জল বাড়িঘর ও আশপাশের এলাকায় জমে থেকে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
এই প্রেক্ষাপটে গত ২৯ মে তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে বিধায়িকা কল্যাণী সাহা রায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি উপস্থিত বিভিন্ন দফতরের আধিকারিক, প্রকৌশলী ও বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনের সময় রাস্তার বিভিন্ন অংশে জলনিকাশি ব্যবস্থার বর্তমান অবস্থা, ড্রেন নির্মাণের সম্ভাবনা, জল প্রবাহের স্বাভাবিক পথ এবং ভবিষ্যতে সমস্যা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও গ্রহণ করা হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, “সাধারণ মানুষের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান করাই আমাদের প্রধান লক্ষ্য। জাতীয় সড়কের কাজের ফলে কোথাও যদি মানুষের ভোগান্তি তৈরি হয়ে থাকে, তাহলে সেই সমস্যা নিরসনে সরকার ও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। বিশেষজ্ঞদের মতামত এবং সংশ্লিষ্ট দফতরগুলির সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার বাসিন্দাদের জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, স্থানীয় মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তাই সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে এই পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক, প্রকৌশলী, পুর পরিষদের কাউন্সিলর এবং অন্যান্যরা। পরিদর্শনের পর সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের জলনিকাশি সমস্যা দ্রুত সমাধানের পথে এগোবে এবং বর্ষাকালে তাঁদের দুর্ভোগ অনেকটাই কমবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ