
বাঁকুড়া, ১০ জুন (হি.স.) : তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভার পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই ১৬ জন কাউন্সিলর। উপ-পুরপ্রধান-সহ ১৬ জন কাউন্সিলরের স্বাক্ষরিত ওই অনাস্থা প্রস্তাব বুধবার জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, এদিন সংশ্লিষ্ট কাউন্সিলররা জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব জমা দেন। উল্লেখ্য, ২৪ সদস্যের বাঁকুড়া পুরসভায় ২১ জন কাউন্সিলর তৃণমূলের। এছাড়া তিনজন নির্দল কাউন্সিলরের মধ্যে দু’জন পরে তৃণমূলে যোগ দেন।
বিক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ, পুরপ্রধান অলকা সেন মজুমদার একনায়কতান্ত্রিকভাবে পুরসভা পরিচালনা করছেন এবং তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার অভিযোগও তোলা হয়েছে। তাঁদের দাবি, সাম্প্রতিক এক বোর্ড বৈঠকে পুরপ্রধান নাকি কাউন্সিলরদের বিজেপির কথামতো এলাকায় কাজ করার পরামর্শ দিয়েছিলেন। এই পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় বলেই তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছেন।
যদিও পুরপ্রধান অলকা সেন মজুমদার এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, অনাস্থা প্রস্তাবের বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরপ্রধান দীর্ঘদিন ধরে দলের প্রভাবশালী নেতা তথা সাংসদ অরূপ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর পুরসভার অন্দরে সেই সমীকরণেও পরিবর্তন এসেছে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, বিশেষ সূত্রে জানা গিয়েছে, দিনের প্রথমভাগে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করলেও পরে বিকেলের দিকে কয়েকজন কাউন্সিলর তা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছেন বলে খবর। যদিও এই বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।
এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে পুরসভার অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। অনাস্থা প্রস্তাবকে ঘিরে নেপথ্যে অর্থের লেনদেনের অভিযোগও শহরের বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে। তবে এ বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট