
হুগলি , ১৩ জুন (হি.স.) : টানা দু'মাস রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। শনিবার গোঘাট-১ ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
স্থানীয়দের অভিযোগ, গত দু'মাস ধরে রেশন তোলার স্লিপ দেওয়া হলেও প্রাপ্য খাদ্যসামগ্রী মেলেনি। বিষয়টি নিয়ে বারবার ডিলারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সুরাহা না হওয়ায় এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের দাবি, এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল। তখন ডিলার ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দিলেও এবার আর আশ্বাসে ভরসা করতে নারাজ তাঁরা। অবিলম্বে বকেয়া রেশন দেওয়া এবং গোটা ঘটনার তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান গ্রামবাসীরা।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেশন ডিলারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA