
পশ্চিম বর্ধমান, ১০ জুন (হি.স.): মাত্র কয়েক মাস আগেই হয়েছিল স্কুল ভবন সংস্কারের কাজ। কিন্তু বুধবার ক্লাস চলাকালীনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই শ্রেণিকক্ষের ছাদের প্লাস্টার! এই দুর্ঘটনায় জখম হয়েছে তিন পড়ুয়া। বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার বারাবনির আমনালা প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বারাবনির আমনালা প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতোই ক্লাস চলছিল। তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন হঠাৎই ছাদের একটি বড় অংশের প্লাস্টার খসে পড়ে হুড়মুড়িয়ে পড়ুয়াদের গায়ের উপর। প্লাস্টারের চাঁই মাথায় লেগে এক পড়ুয়ার মাথা ফেটে যায়। এছাড়াও আরও দুই পড়ুয়া এই ঘটনায় অল্প-বিস্তর চোট পায়। তিন পড়ুয়াকেই দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা ও মাথায় ব্যান্ডেজ করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্কুলের ছাদ ভেঙে পড়ুয়াদের জখম হওয়ার খবর চাউর হতেই আমনালা এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ উত্তেজিত বাসিন্দাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ