
জয়নগর, ১০ জুন (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে খুন হলেন দাদা। দাদাকে খুনের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে তাজপুর মিঠানি গ্রামের বাসিন্দা দুধকুমার বৈদ্যের। অভিযুক্ত ভাই নিমাই বৈদ্য ঘটনার পর থেকেই পলাতক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে দীর্ঘদিন ধরে দুধকুমার বৈদ্য ও তাঁর কাকার ছেলে নিমাই বৈদ্যের মধ্যে বিবাদ চলছিল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুধকুমার বৈদ্য (৪০)। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। রাত ১১টা নাগাদ বাড়ির কাছেই রাস্তার ধারে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক গোলমালের জেরেই খুন বলে অনুমান তদন্তকারীদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ