
পাটনা, ১০ জুন (হি.স.) : বিহারের ডিজিটাল উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা নিয়ে গুগল ইন্ডিয়ার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বুধবার নয়াদিল্লির বিহার ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট চন্দু থোটার নেতৃত্বে প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বৈঠকে মুখ্যমন্ত্রী বিহার সরকারের উচ্চাভিলাষী ‘বিহার গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) নীতি-২০২৬’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং রাজ্যে গুগলের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, বিহার দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগোচ্ছে এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগ ও উদ্ভাবনের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা হচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সমাধানের ব্যবহার নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই মত প্রকাশ করে যে, প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে জনপরিষেবার মানোন্নয়ন এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
গুগল ইন্ডিয়ার প্রতিনিধিরা বিহারের সম্ভাবনা এবং ডিজিটাল পরিকাঠামো উন্নয়নে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন। রাজ্যে ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহ দেওয়া এবং যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বৈঠকের শেষে বিহারের ডিজিটাল উন্নয়নকে ত্বরান্বিত করতে দীর্ঘমেয়াদি ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে উভয় পক্ষই আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি দফতরের সচিব অভয় কুমার সিং।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য