
চেন্নাই, ১০ জুন (হি.স.): প্রবীণ তামিল চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ভারতীরাজা বুধবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন। গল্প নির্বাচন ও তা উপস্থাপনের ক্ষেত্রে নতুন ধারার প্রবর্তক হিসেবে পরিচিত এই পরিচালক চেন্নাইয়ে নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মূলত গ্রামীণ পটভূমির গল্পের জন্য পরিচিত এবং একাধিক জাতীয় পুরস্কারজয়ী ভারতীরাজা ১৯৭৭ সালে তাঁর প্রথম পরিচালিত ছবি '১৬ ভায়াতিনিলে'-এর মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কমল হাসান ও শ্রীদেবী এবং খলনায়কের ভূমিকায় ছিলেন সুপারস্টার রজনীকান্ত। আজও এই ছবিটিকে অন্যতম সেরা তামিল চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়।
বর্ষীয়ান পরিচালক ভারতীরাজার প্রয়াণে গভীর শোকপ্রকাশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। তিনি বুধবার সকালে পরিচালকের মরদেহে শেষশ্রদ্ধা জানান। এছাড়াও অভিনেতা সুরিয়া শোকপ্রকাশ করেছেন। ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন এবং দলের সাংসদ টি আর বালু প্রয়াত পরিচালকের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ