
পূর্ব বর্ধমান, ১০ জুন (হি.স.): তোলাবাজি, এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমানের চাকতেঁতুল পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। মঙ্গলবার রাতে বুদবুদ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। বুধবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলার আগে বুদবুদ থানার সামনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পঞ্চায়েত প্রধান অনুপ মেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, তোলা না দিলে ব্যবসায়ীদের হুমকি এবং সাধারণ মানুষের ওপর ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাস ছড়ানোর একাধিক লিখিত অভিযোগ জমা পড়ছিল। মঙ্গলবার রাতে বুদবুদ থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
বুধবার সকালে ধৃত পঞ্চায়েত প্রধানকে দুর্গাপুর আদালতে তোলার তোড়জোড় শুরু হতেই বুদবুদ থানার বাইরে জড়ো হন স্থানীয় মানুষজন। অনুপ মেটের কঠোর শাস্তির দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ধৃত প্রধানকে যখন থানা থেকে বের করা হচ্ছিল, তখন উত্তেজিত জনতা হাতে ডিম নিয়ে বিক্ষোভ দেখান এবং স্লোগান দিতে থাকেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ