
কলকাতা, ১০ জুন (হি.স.) : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করা এবং ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রাজপথ। প্রদেশ কংগ্রেসের ডাকে এদিন ‘লোকভবন’ (পূর্বতন রাজভবন) অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মিছিল থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ একাধিক প্রথম সারির নেতাকে আটক করে পুলিশ।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, লক্ষ লক্ষ মানুষকে প্রথমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখনও ২৭ লক্ষ মানুষকে ট্রাইবুনালে ঝুলিয়ে রাখা হয়েছে । রাজ্যে ক্ষমতায় এসেই গরিব হকারদের দোকান, ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে । কোনও সময় দেওয়া হচ্ছে না। অথচ, যে সমস্ত বিধায়ক, সাংসদ অবৈধ ভাবে বিল্ডিং নির্মাণ করেছেন তাঁদের কিছু করা হচ্ছে না। বিজেপি গরিবের পেটে লাথি মারছে। বিজেপি গরিব বিরোধী, হকার বিরোধী। সাধারণ মানুষের অধিকার, ছাত্র-যুবকদের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আমাদের আন্দোলন আগামিদিনেও চলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ