মৃত শ্রমিকের ক্ষতিপূরণের টাকায় কাটমানির অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েত প্রধান
দুর্গাপুর, ১০ জুন (হি.স.) : মৃত শ্রমিকের পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ থেকেও কাটমানি আদায়ের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময়
মৃত শ্রমিকের ক্ষতিপূরণের টাকায় কাটমানির অভিযোগ, গ্রেফতার পঞ্চায়েত প্রধান


দুর্গাপুর, ১০ জুন (হি.স.) : মৃত শ্রমিকের পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ থেকেও কাটমানি আদায়ের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় বুদবুদ থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকরা। ধৃতকে পুলিশের গাড়িতে আদালতে নিয়ে যাওয়া হলে ‘চোর চোর’ স্লোগান তুলে প্রতিবাদ জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলসি বিধানসভা এলাকার চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠছিল। অভিযোগ, এলাকায় তোলাবাজি চালানোর পাশাপাশি শ্রমিকদের মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের অর্থ থেকেও কাটমানি নেওয়া হত। এছাড়া অবৈধ বালি ব্যবসা, আবাস প্রকল্পে অনিয়ম এবং বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে আরও অভিযোগ, কাটমানির টাকা না দিলে কিছু ক্ষেত্রে মহিলাদের কুপ্রস্তাবও দেওয়া হত। সম্প্রতি একাধিক অভিযোগ সামনে আসার পর তদন্তে নেমে অনুপ মেটেকে গ্রেফতার করে বুদবুদ থানার পুলিশ।

বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করেন। এদিন থানা চত্বরে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।

গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, “যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মানুষের টাকা লুট করে যারা বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার তদন্ত চলছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande