
দুর্গাপুরে, ১০ জুন (হি.স.) : পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রদীপ মজুমদারের একটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
বিজেপি কর্মীদের দাবি, ত্রাণ সামগ্রী পাচার বা অন্যত্র সরিয়ে নেওয়ার খবর পেয়ে তাঁরা একটি মালবাহী গাড়ি তাড়া করেন। অভিযোগ উঠেছে, গুদাম থেকে বিভিন্ন সামগ্রী একটি ছোট মালবাহী গাড়িতে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের নজরে পড়ে গাড়িটি এবং তাঁদের সন্দেহ হয়। বিজেপি কর্মীদের বক্তব্য অনুযায়ী, গাড়িটি তাড়া করা হলে চালক গাড়ি ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এরপর কর্মীরা সংশ্লিষ্ট গুদামটিতে পৌঁছান, যেখানে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নথিপত্র, ফাইল এবং ভোটার তালিকার মতো একাধিক জিনিস দেখতে পাওয়া যায়।
ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আপাতত গুদামটি সিল করে দিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি সত্যিই সরকারি ত্রাণ প্রকল্পের কি না এবং তা কী উদ্দেশ্যে গুদামে মজুত করে রাখা হয়েছিল, প্রশাসন তা খতিয়ে দেখার চেষ্টা করছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ত্রাণ সামগ্রী পাচার এবং অপব্যবহারের অভিযোগ তুলেছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট শিবিরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আসল বিষয়টি স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি