
হাফলং (অসম), ১০ জুন (হি.স.) : ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অসম সরকারের কাছে রাজ্য মন্ত্রিসভায় এই অঞ্চল থেকে অন্তত একজন বাঙালি বিধায়ককে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাঙালি ‘পরিষদ আসাম’-এর ডিমা হাসাও জেলা কমিটি।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের কাছে সংগঠনটি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কংগ্রেসের শাসনকালে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একাধিক বাঙালি নেতা অসম সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাধনরঞ্জন সরকার, অর্ধেন্দুকুমার দে, দেবেশ চক্রবর্তী, গোপীনাথ দাস এবং চন্দন সরকার। অথচ বিজেপি সরকারের আমলে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে কোনও বাঙালি বিধায়ককে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি বলে সংগঠনটি খেদ ব্যক্ত করেছে।
বাঙালি পরিষদ-এর ডিমা হাসাও জেলা কমিটির বক্তব্য, ব্রহ্মপুত্র উপত্যকায় প্রায় ৪৫ লক্ষেরও বেশি বাঙালি হিন্দুর বসবাস। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে নির্বাচনে বিজেপিকে সমর্থন করে আসলেও তাঁদের নানা সমস্যা এবং দাবি এখনও অমীমাংসিত। বিশেষ করে ডি-ভোটার সংক্রান্ত জটিলতা, মিশন বসুন্ধরা প্রকল্পে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং অন্যান্য সামাজিক-অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার কথা তুলে ধরেছে সংগঠনটি।
সংগঠনের বক্তব্য, ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালি হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিনিধি মন্ত্রিসভায় থাকলে এই জনগোষ্ঠীর সমস্যা ও উদ্বেগ সরকারের কাছে আরও কার্যকরভাবে উপস্থাপিত হবে এবং সমাধানের পথ সুগম হবে। তাই ন্যায্য রাজনৈতিক প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং বাংলাভাষী জনগোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য অসম মন্ত্রিসভায় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে একজন বাঙালি বিধায়ককে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি বলে সংগঠনটি মনে করে।
বাঙালি পরিষদ অসম-এর ডিমা হাসাও জেলা কমিটি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে মন্ত্রিসভার সম্প্রসারণ বা পুনর্গঠনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বাঙালি সম্প্রদায়ের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব