মোদী সরকারের ১২ বছর পূর্তিতে পুজো দিলেন দিলীপ ঘোষ, সাংগঠনিক প্রশিক্ষণে জোর
খড়্গপুর, ১০ জুন (হি. স. ) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সকালে খড়্গপুরের মন্দির তলা (ওয়ার্ড-৮) এলাকায় ভগবান মহেশ্বরের পুজো-অর্চনা করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর
দিলীপ ঘোষ


খড়্গপুর, ১০ জুন (হি. স. ) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সকালে খড়্গপুরের মন্দির তলা (ওয়ার্ড-৮) এলাকায় ভগবান মহেশ্বরের পুজো-অর্চনা করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এই উপলক্ষ্যে মন্দির চত্বরের কাছে একটি ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল, যা স্থানীয় মানুষ এবং দলীয় কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দ্রুত একটি ছোট জনসভার রূপ নেয়।

সেখানে দিলীপ ঘোষ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন। কর্মসূচির অংশ হিসেবে এদিন একটি বৃক্ষরোপণ অভিযানও হয়, যেখানে দলীয় কর্মী ও স্থানীয় নাগরিকরা সক্রিয়ভাবে অংশ নেন।

এরপর খড়্গপুরে বিজেপির জেলা স্তরের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপি মানে কেবল পতাকা হাতে তুলে নেওয়া নয়, বরং দলের আদর্শ, সাংগঠনিক কাঠামো এবং ‘রাষ্ট্র প্রথম’—এই ভাবনাকে অনুধাবন করা অত্যন্ত আবশ্যক।

তিনি জোর দিয়ে বলেন, বিজেপির মূল মন্ত্র হলো “দেশ আগে, দল পরে এবং ব্যক্তি সবার শেষে”। এই আদর্শকে সম্বল করেই দল এগিয়ে চলেছে। রাজ্যে বিপুল সংখ্যায় নতুন মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। এই পরিস্থিতিতে নতুন কর্মীদের কাছে দলের আদর্শ ও সাংগঠনিক সংস্কৃতি সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য এই ধরণের প্রশিক্ষণ শিবিরের প্রয়োজনীয়তা অপরিসীম।

দিলীপ ঘোষ জানান, বর্তমানে জেলা স্তরে এই প্রশিক্ষণ কর্মসূচি চালানো হচ্ছে, যা আগামী দিনে মন্ডল ও অঞ্চল স্তর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। এই ধরণের কর্মশালার মাধ্যমে নতুন কর্মীরা যেমন দলের নীতি সম্পর্কে জানতে পারবেন, তেমনই পুরনো কর্মীরাও সাংগঠনিক শৃঙ্খলা ও পরিকাঠামোকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande