
হরিদ্বার, ১০ জুন (হি.স.): বুধবার ভোরে হরিদ্বারের সর্বানন্দ ঘাটের কাছে হরিদ্বার-দেরাদুন জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে দ্রুতগতির একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। তবে ঘটনায় কর্তব্যরত দুই পিআরডি জওয়ান আহত হয়েছেন।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির নম্বরের একটি গাড়ি সর্বানন্দ ঘাটের কাছে জাতীয় সড়কের পাশে দাঁড় করানো ছিল। গাড়ির যাত্রীরা গঙ্গাস্নানের জন্য ঘাটে গিয়েছিলেন। এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে কর্তব্যরত পিআরডি জওয়ান অনিল কুমার ও সচিন কুমার সেখানে পৌঁছে গাড়ির মালিকদের খোঁজ করছিলেন, যাতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িটি সরিয়ে দেওয়া যায়। এই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গাড়িটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে খড়খড়ি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। পরে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ডাম্পার রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
নগর কোতোয়ালির ভারপ্রাপ্ত আধিকারিক কুন্দন সিং রানা জানিয়েছেন, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পর পালিয়ে যাওয়া ডাম্পার চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস