ছয় নাগা বন্দিকে হত্যার নিন্দা মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচার, ঐক্য ও হিংসা বন্ধের আহ্বান
ইমফল, ১০ জুন (হি.স.) : ছয় নাগা বন্দিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন। এ ঘটনাকে তিনি এক নৃশংস হিংসাত্মক ঘটনা হিসেবে বর্ণনা করে বলেন, এ ঘটনা সমাজকে গভীরভাবে আঘাত করেছে, মানুষের সম্মিলিত বিবেকের ওপর দীর্ঘস্
মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন (ফাইল ফটো)


ইমফল, ১০ জুন (হি.স.) : ছয় নাগা বন্দিকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন মণিপুরের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন। এ ঘটনাকে তিনি এক নৃশংস হিংসাত্মক ঘটনা হিসেবে বর্ণনা করে বলেন, এ ঘটনা সমাজকে গভীরভাবে আঘাত করেছে, মানুষের সম্মিলিত বিবেকের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে তাঁদের হত্যার ঘটনায়।

মণিপুর সরকারের পক্ষে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন বলেন, এ ধরনের নৃশংসতার কোনও স্থান মণিপুরে নেই। এটি মানবতা ও পারস্পরিক সম্মানের মূল্যবোধের পরিপন্থী।

তিনি বলেন, ‘ছয় নাগা নিরপরধ বন্দির মর্মান্তিক এই হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক। এটি মানবতা, পারস্পরিক সম্মান এবং আমাদের সকলের লালিত মূল্যবোধের সম্পূর্ণ বিরোধী।’

এরই পরিপ্রেক্ষিতে উপমুখ্যমন্ত্রী সমস্ত সম্প্রদায়ের কাছে আবেদন জানান, যাতে তাঁরা সব ধরনের হিংসা বন্ধ করে ঐক্যবদ্ধভাবে রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার কাজ করেন। জোর দিয়ে তিনি বলেন, নিহতদের প্রকৃত সম্মান জানানো হবে তখনই, যখন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আরও বেশি বোঝাপড়া, সহমর্মিতা এবং আলোচনার পরিবেশ তৈরি করা যাবে। পুনর্মিলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে কিপগেন বলেন, মানুষের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ সত্ত্বেও মণিপুরকে ঐক্য ও আশার ভূমি হিসেবে ধরে রাখতে হবে।

উপমুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের শক্তি ও সান্ত্বনা দিয়েছেন।

শান্তি, সংযম ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে তিনি সাধারণ মানুষকে ভয়, ঘৃণা এবং বারবার হিংসার চক্র থেকে মুক্ত ভবিষ্যৎ গড়তে নতুন করে নিজেদের উৎসর্গ করার আবেদন জানান।

উল্লেখ্য, নিখোঁজ ছয় নাগা ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর রাজ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় বিভিন্ন সংগঠন, সম্প্রদায়ের নেতা এবং নাগরিক সমাজ ব্যাপক নিন্দা জানিয়েছে। পাশাপাশি ন্যায়বিচার, জবাবদিহিতা এবং স্থায়ী শান্তির দাবিও জোরালো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande