
কলকাতা, ১০ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নতুন মন্ত্রী হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন ড. শারদ্বত মুখোপাধ্যায়। সল্টলেকের স্বাস্থ্য ভবনে দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্য দিয়েই এদিন থেকে শুরু হলো তাঁর নতুন দায়িত্বের পথচলা।
দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বর্তমান পরিস্থিতি, চলমান প্রকল্প এবং বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে সরকারি হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়ার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে।
এর পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্প, মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচি-সহ একাধিক সরকারি উদ্যোগের অগ্রগতিও খতিয়ে দেখেন নতুন মন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, রাজ্যের প্রতিটি মানুষের কাছে সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর এবং রোগীবান্ধব করে তুলতে দফতরের সব স্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। দফতরের একাংশের মতে, নতুন মন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের কাজে নতুন গতি আসতে পারে। প্রশাসনিক মহলেও এখন সেই প্রত্যাশারই প্রতিফলন দেখা যাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত