
হাফলং (অসম), ১০ জুন (হি.স.) : ডিমা হাসাও পুলিশ মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৪৬.৬২ গ্রাম হেরোইন সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মাদক সহ গ্ৰেফতারকৃতদের মেঘালয়ের কেপাস কাসা ও কাছাড় জেলার স্মল লিংডো বলে পরিচয় পাওয়া গেছে।
জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন সুত্রে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে শিলচর-হাফলং জাতীয় সড়কের হারাঙ্গাজাওয়ে অভিযান চালিয়ে একটি বলেরো গাড়ির ফুয়েল ট্যাংকে পাশে গোপন চেম্বার থেকে ৩৬টি সাবানের কেস উদ্ধার করে। ওই সাবানের কেস থেকে পুলিশ উদ্ধার করেছে ৪৪৬.৬২ গ্রাম হেরোইন। উদ্ধারকৃত হেরোইনগুলির কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদক কারবার চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিমা হাসাও জেলা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান আরও তীব্র হবে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ কেজি হেরোইন উদ্ধার করেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব